Jui

Friday, July 22, 2016

মোস্তাফিজের ১৭ বছর আগেই এসেক্সকে হারান সুজন

ইংলিশ কাউন্টিতে অভিষেক ম্যাচেই দ্যুতি ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। এসেক্সের বিপক্ষে সাসেক্সের হয়ে ২৩ রানে ৪ উইকেট নিয়ে অভিষেকেই হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সকে এনে দিয়েছেন ২৪ রানের জয়। মোস্তাফিজের এ চোখ ধাঁধানো নৈপুণ্য মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের আরেক তারকা খেলোয়াড়ের কথা। ১৭ বছর আগের এক দারুণ স্মৃতি তাজা হয়ে উঠেছে। ঠিক একই মাঠে একই দলের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখান সাবেক খেলোয়াড় খালেদ মাহমুদ সুজন। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনিও। ১৯৯৯ সালের কথা। প্রথম বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যায় বাংলাদেশ ক্রিকেট দল। মূল টুর্নামেন্টের আগে তারা তিনটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে ইংলিশ কাউন্টি দল এসেক্স, মিডলসেক্স ও নর্দাম্পটনশায়ারের বিপক্ষে। প্রথম দু’টি ম্যাচই জেতে বাংলাদেশ। কিন্তু তৃতীয়টি হেরে যায়। এসেক্সের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন। চেমসফোর্ডে বাংলাদেশ আগে ব্যাটে গিয়ে করে ৭ উইকেটে ২৬৩ রান। খালেদ মাহমুদ সুজন ব্যাট হাতে ৯১ বলে খেলেন ১০৮ রানের দুর্দান্ত ইনিংস। ৫ ছক্কা ও ৭ চারে তিনি এই রান করেন। জবাবে এসেক্স ৩৪ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান তোলার পর বৃষ্টি নামে। এতে বৃষ্টি আইনে বাংলাদেশ জেতে ৫ রানে। সেই চেমসফোর্ড মাঠ এখনও প্রায় আগের মতো। স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র সাড়ে ৬ হাজার। ১৯৯৯ সালেও মাঠের ধারণক্ষমতা ছিল একই। ১৭ বছর আগে পূর্বসূরি খালেদ মাহমুদ এই মাঠে এসেক্সের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে জেতান। আর এবার সেই একই মাঠে একই দলের বিপক্ষে সাসেক্সকে জেতালেন তার উত্তরসূরি মোস্তাফিজ। সুজন বাংলাদেশকে জিতিয়েছিলেন প্রথম ম্যাচ। মোস্তাফিজও জেতালেন নিজের প্রথম ম্যাচ।
১৯৯৯ সালে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মিডলসেক্সকে বৃষ্টি আইনে ১২ রানে হারায় বাংলাদেশ। ওই ম্যাচে আকরাম খান ৮০* ও শাহরিয়ার হোসেন করেন ৫২ রান। কিন্তু তৃতীয় ম্যাচে নার্দাম্পটনশায়ারের কাছে ৪৪ রানে হেরে যায় বাংলাদেশ। নর্দাম্পটনশায়ারের ২৭৯/৫ রানের জবাবে বাংলাদেশ ২৩৫ রানে অলআউট হয়ে যায়। এই ম্যাচেও খালেদ মাহমুদ সুজন ছিলেন দুর্ধর্ষ। তিনি ৩ ছক্কা ও ৪ চারে মাত্র ২১ বলে করেন ৪০ রান। তার এমন দুই দুর্ধর্ষ ইনিংস দেখে ব্রিটিশ মিডিয়া তাকে বাংলাদেশের সনৎ জয়সুরিয়া বলে অভিহিত করে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment